দেশ গড়তে প্রবাসীদের পাশে চান প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়ন ও পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।  তিনি বলেছেন, “আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি, যাতে সবাই মিলে ভালো থাকতে পারি।”

রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের শাংরি-লা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “আজ আমরা কী দাবি করব, সেটি নয়; বরং ভাবতে হবে দেশের প্রতি আমাদের কী কর্তব্য।”  তিনি আরও বলেন, “দেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে।  বুকের রক্ত দিয়ে মানুষ দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। এখন সবাইকে মিলে দেশটাকে গড়ে তুলতে হবে।”

রাত সাড়ে ৯টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে হোটেলে পৌঁছে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।  এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তিনি বিএনপির নির্বাচনী অঙ্গীকারের বিভিন্ন দিক তুলে ধরেন।  ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, “দোয়া করবেন, যেন এগুলো বাস্তবায়ন করতে পারি।”

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের সামনে অত্যন্ত সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তবে এর জন্য পরিশ্রম, ত্যাগ ও ধৈর্যের প্রয়োজন।”  তিনি উল্লেখ করেন, মালয়েশিয়ার রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে যেভাবে বাংলাদেশিরা কাজ করছেন, দেশে থেকেও একইভাবে উন্নয়নে অবদান রাখা সম্ভব।

১/১১-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সেই সময়ে আমার পরিবার অনেক নির্যাতনের শিকার হয়েছে।  কিন্তু আমি প্রতিশোধ চাই না। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ গড়াই আমাদের লক্ষ্য।”

প্রধানমন্ত্রী জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে প্রথম শুভেচ্ছা জানিয়েছেন।  একই সঙ্গে প্রবাসীদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।

অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করীম প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।  উপস্থিত প্রবাসীরা তার বক্তব্যের প্রতি সমর্থন ও সন্তোষ প্রকাশ করেন।