দাভোস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস জভিংগির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আলোইস জভিংগি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের নতুন সরকারের প্রতি শুভকামনা ব্যক্ত করেন।

এ সময় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য ডেল্টা রাষ্ট্র এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন। এ ক্ষেত্রে ডব্লিউইএফ আরও সক্রিয় ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী জানান, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী পাঁচ বছরে বাংলাদেশ ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি কমানো এবং পরিবেশ সংরক্ষণে কাজ করছে সরকার।

নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করতে কর-সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আলোইস জভিংগি বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন উদ্যোগের প্রশংসা করে বলেন, এসব কার্যক্রম আন্তর্জাতিক অর্থায়নকারী প্রতিষ্ঠান ও বৈশ্বিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াবে। তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিজ্ঞতা ও নেতৃত্বকে বৈশ্বিক পরিসরে কাজে লাগানোর আগ্রহও প্রকাশ করেন।

তিনি বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।