বাংলা কিউআর: আর্থিক লেনদেনে আসবে বৈপ্লবিক পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬
দেশে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, সাশ্রয়ী এবং সর্বজনীন করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘বাংলা কিউআর’ (Quick Response Code), যা নগদবিহীন বা ক্যাশলেস লেনদেনকে আরও সহজ ও স্বচ্ছ করে তুলবে।
বিশেষজ্ঞদের মতে, বাংলা কিউআর চালু হলে অনলাইনভিত্তিক আর্থিক লেনদেনে বৈপ্লবিক পরিবর্তন আসবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ করতে একটি অভিন্ন ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম হিসেবে বাংলা কিউআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের জন্য আলাদা আলাদা কিউআর কোড ব্যবহার করতে হয়। কিন্তু বাংলা কিউআর চালু হলে একটি কিউআর কোডের মাধ্যমেই বিভিন্ন সেবা ব্যবহার করা যাবে। ফলে শপিংমল থেকে শুরু করে ফুটপাতের দোকানদার পর্যন্ত সবাই সহজে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন।
সংশ্লিষ্টরা বলছেন, প্রচলিত কার্ডভিত্তিক পেমেন্ট ব্যবস্থায় ব্যয়বহুল পয়েন্ট অব সেল (POS) মেশিনের প্রয়োজন হলেও বাংলা কিউআরের ক্ষেত্রে একটি সাধারণ কিউআর স্টিকারই যথেষ্ট। এতে ক্ষুদ্র ব্যবসায়ী ও সেবাদাতারাও সহজে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আসতে পারবেন।
নিরাপত্তার ক্ষেত্রেও বাংলা কিউআরকে নির্ভরযোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে কার্ড ক্লোনিং বা পিন চুরির মতো ঝুঁকি নেই। গ্রাহক সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেট অ্যাপের মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে পারবেন।
বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি স্টিয়ারিং কমিটিও গঠন করা হয়েছে। ইতোমধ্যে কমিটির প্রথম বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাণিজ্যিক ব্যাংক এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ সফল হলে নগদ অর্থ ব্যবস্থাপনার ব্যয় কমবে, আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা সহজে পৌঁছে যাবে। তবে এর সুফল সর্বস্তরে পৌঁছে দিতে ব্যাপক জনসচেতনতা ও প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
বাংলা কিউআর কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ আরও দ্রুত নগদবিহীন অর্থনীতির দিকে এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



