বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ ইশতেহার ঘোষণা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্য, শ্রমবাজার, প্রযুক্তি, শিক্ষা, জ্বালানি ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন খাতে সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে একটি যৌথ ইশতেহার ঘোষণা করেছে দুই দেশ।

১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ এবং আঞ্চলিক শান্তি-সমৃদ্ধির ভিত্তিতে এগিয়েছে। দুই দেশের নেতারা এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ২০২৭ সালের মধ্যে একটি আধুনিক ও বিস্তৃত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। পাশাপাশি দ্রুত ‘মালয়েশিয়া-বাংলাদেশ যৌথ বিজনেস কাউন্সিল’ কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টেলিযোগাযোগ, জ্বালানি, সেমিকন্ডাক্টর, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, বন্দর উন্নয়ন এবং ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধিতেও সম্মতি দিয়েছে উভয় দেশ।

শ্রমবাজারে নতুন উদ্যোগ

মালয়েশিয়া সরকার দেশটির অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেছে। নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে নিয়োগকর্তার চাহিদা অনুযায়ী স্বচ্ছ ও কঠোর মূল্যায়ন পদ্ধতি অনুসরণের ঘোষণা দেওয়া হয়েছে।

নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ দ্রুত বৈঠকে বসবে এবং বিদ্যমান সমঝোতা স্মারক পর্যালোচনা করে নতুন ও আধুনিক চুক্তির রূপরেখা তৈরি করবে।

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফিনটেক, সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল গভর্ন্যান্স খাতে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর শিল্পে মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের দক্ষতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষা, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে অগ্রগতি

মালয়েশিয়ায় অধ্যয়নরত প্রায় ১১ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছে দুই দেশ। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা এবং কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পেট্রোনাস ও পেট্রোবাংলার মধ্যে এলএনজি সরবরাহ ও অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত আলোচনা ত্বরান্বিত করার সিদ্ধান্ত হয়েছে। বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে মালয়েশীয় বিনিয়োগ আহ্বান করেছে বাংলাদেশ।

প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে যৌথ সামরিক মহড়া এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সমন্বয় বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক সহযোগিতা

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেছে মালয়েশিয়া এবং তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

একই সঙ্গে আসিয়ানের ‘সেক্টোরাল ডায়ালগ পার্টনার’ হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারে পূর্ণ সমর্থন জানিয়েছে দেশটি।

সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং দেশটির জনগণের উষ্ণ আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।