চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে তাদের বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করলে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক অগ্রযাত্রার যৌথ রূপকার হতে পারবে।

বৃহস্পতিবার বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা চীনা কোম্পানিগুলোকে তাদের মূল্যশৃঙ্খল বাংলাদেশে সম্প্রসারণের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজারের সুবিধা নেওয়ার পাশাপাশি বৈশ্বিক বাজারেও আরও কার্যকরভাবে ব্যবসা পরিচালনার সুযোগ রয়েছে।”

তিনি বলেন, “বাংলাদেশ আপনাদের এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ের যৌথ রূপকার হওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। ইতোমধ্যে অনেক চীনা বিনিয়োগকারী বাংলাদেশে সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন। তারা আমাদের জনগণের দক্ষতা, স্থিতিস্থাপকতা এবং সম্ভাবনার কথা বিশ্বকে জানাতে পারবেন।”

বাংলাদেশকে নতুন দৃষ্টিতে মূল্যায়নের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আরও বেশি চীনা কোম্পানির বাংলাদেশে আসা উচিত। সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে এবং বিনিয়োগকারীদের উদ্বেগ ও প্রত্যাশার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, “আমরা এমন একটি গতিশীল ও সেবাকেন্দ্রিক বিনিয়োগ পরিবেশ গড়ে তুলছি, যা বিদেশি বিনিয়োগকারীদের প্রবৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে।”

ভাষণের শেষাংশে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আসুন, আমরা এই অঞ্চলের সম্ভাবনাকে দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি ও পারস্পরিক সমৃদ্ধিতে রূপান্তর করি। বাংলাদেশে আসুন, বাংলাদেশে বিনিয়োগ করুন এবং সমমর্যাদার অংশীদারত্বের ভিত্তিতে নতুন সমৃদ্ধির দ্বার উন্মোচন করি।”