মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৬
মালয়েশিয়া ও চীনে একাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচি শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে দেশে ফেরেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।
এর আগে চীনের রাজধানী বেইজিং থেকে স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং।
ঢাকায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। এছাড়া বিএনপির সিনিয়র নেতারাও বিমানবন্দরে উপস্থিত থেকে দলীয় প্রধানকে অভ্যর্থনা জানান।
গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২২ জুন রাতে তিনি চীনের দালিয়ান শহরে পৌঁছান।
চীন সফরে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন। পরে দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিং গিয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিং-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সফরের অংশ হিসেবে বেইজিংয়ে আয়োজিত একটি বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন প্রধানমন্ত্রী। এ সফরে বাংলাদেশ-মালয়েশিয়া ও বাংলাদেশ-চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।



