হামে মৃত্যু কমছেই না, ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৬
দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০২ জনে।
শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৫ জুন সকাল ৮টা থেকে ২৬ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হাম রোগে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৬৯ জন শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং পরীক্ষায় ১০৭ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
সর্বশেষ যেসব শিশুর মৃত্যু হয়েছে, তারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গে সবচেয়ে বেশি ২৬৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহীতে ৮৮ জন, সিলেটে ৭৭ জন, ময়মনসিংহে ৫৬ জন, চট্টগ্রামে ৫১ জন, বরিশালে ৩৯ জন, খুলনায় ২৭ জন এবং রংপুরে ৮ জন মারা গেছেন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৭০২ জন।
এদিকে দেশের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ৮১ হাজার ২৮৩ জন হাম রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৭ হাজার ৬১৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হামের মতো অত্যন্ত সংক্রামক রোগ নিয়ন্ত্রণে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। তবে টিকার কভারেজে ঘাটতি, অভিভাবকদের মধ্যে টিকা নিয়ে দ্বিধা, মাঠপর্যায়ে নজরদারির দুর্বলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে বিভিন্ন প্রশ্নের কারণে পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।



