তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন, বাংলাদেশ-চীনের ১৫ দফা যৌথ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৬
বাংলাদেশ ও চীনের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে ১৫ দফা যৌথ ঘোষণা প্রকাশ করেছে দুই দেশ। ঘোষণার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (TRCMRP) চীনের সহায়তার প্রতিশ্রুতি।
শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বৈঠক শেষে যৌথ ঘোষণাটি প্রকাশ করা হয়।
যৌথ ঘোষণার গুরুত্বপূর্ণ দিকগুলো
- চীন তার সক্ষমতা অনুযায়ী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে সহায়তা করবে। প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা দ্রুত শেষ করতে দুই দেশের বিশেষজ্ঞরা যৌথভাবে কাজ করবেন।
- বাংলাদেশ ও চীন বিদ্যমান সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারিত্ব আরও জোরদার করে ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের চীন-বাংলাদেশ সম্প্রদায়’ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।
- বাংলাদেশ পুনরায় ‘এক চীন নীতি’-র প্রতি সমর্থন জানিয়েছে। অন্যদিকে, চীন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
- বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)-এর আওতায় অবকাঠামো, শিল্পায়ন, কৃষির আধুনিকায়ন এবং আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা আরও বাড়ানো হবে।
- বাণিজ্য, ই-কমার্স, শিল্প, বিনিয়োগ ও সরবরাহ শৃঙ্খলে সহযোগিতা জোরদারের পাশাপাশি মংলা বন্দর আধুনিকায়ন এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল উন্নয়নেও একসঙ্গে কাজ করবে দুই দেশ।
- বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, সবুজ জ্বালানি, সৌরশক্তি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সংযোগ বৃদ্ধি নিয়ে সহযোগিতা সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে।
- পানি ব্যবস্থাপনা, বন্যা পূর্বাভাস, নদী খনন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং সামুদ্রিক বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই দেশ একমত হয়েছে।
- প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা হবে।
- শিক্ষা, গণমাধ্যম, সংস্কৃতি, ক্রীড়া, যুব বিনিময় এবং মানবসম্পদ উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সুযোগ অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
- রোহিঙ্গা সংকট সমাধানে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য বাংলাদেশের ভূমিকাকেও প্রশংসা করেছে বেইজিং।
- বহুপাক্ষিক কূটনীতিতে সহযোগিতা বাড়াতে চীন ব্রিকস ও সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)-এর অংশীদার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে।
সফরকালে উন্নয়ন সহযোগিতা, কৃষি, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ এবং গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক সহযোগিতা দলিলও স্বাক্ষরিত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে সামার দাভোস (নিউ চ্যাম্পিয়নস) সম্মেলনে অংশ নেন এবং চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ও ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি-র সঙ্গেও বৈঠক করেন।



