মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ নিয়েই কথা বলেছি: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষ সরকারের ওপর তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব অর্পণ করেছে। সেই দায়িত্ব থেকেই সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরে তিনি বাংলাদেশের স্বার্থ ও জনগণের কল্যাণের বিষয়গুলোই তুলে ধরেছেন।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের ১৬তম কার্যদিবসে তার মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য উত্থাপিত ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হলে জবাবী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো বিষয় নেই। এ সফরে যদি ভালো কিছু অর্জিত হয়ে থাকে, তবে সেটি বাংলাদেশের অর্জন, দেশের মানুষের অর্জন।”
সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-এর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। গত ২১ থেকে ২৬ জুন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীনে ছয় দিনের সরকারি সফরের সফল সমাপ্তির পর জাতীয় সংসদের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।
প্রধানমন্ত্রী বলেন, সংসদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানোয় তিনি সকল সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞ। তিনি বিএনপির রাজনৈতিক দর্শনের প্রসঙ্গ তুলে বলেন, “আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি—‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’।”
এ সময় তিনি সরকারি দলের পাশাপাশি বিরোধীদলীয় নেতাকেও ধন্যবাদ জানিয়ে বলেন, “তিনিও দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য উৎসাহ দিয়েছেন।”
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সফরের সাফল্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব উত্থাপন করেন। পরে প্রস্তাবটি সংসদে বিস্তারিত আলোচনার পর কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
প্রস্তাবের ওপর আলোচনায় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
আলোচনায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সফরটির কৌশলগত গুরুত্ব তুলে ধরেন।
কণ্ঠভোটের আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেন, “আলোচনাগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।”



