সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬
পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধনীতে শাস্তির মেয়াদ, জরিমানার পরিমাণ এবং কারাদণ্ড-সংক্রান্ত বিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট অংশীজন (স্টেকহোল্ডার) ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনটিকে সময়োপযোগী ও আরও কার্যকর করতে শাস্তির মেয়াদ, জরিমানা এবং কারাদণ্ডের বিধান পুনর্বিবেচনা করা হচ্ছে।
একই অধিবেশনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে অতীতের রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের অভিযোগ সম্পর্কেও বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী।
নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে রাজনৈতিক বিবেচনা ও বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছে।
মন্ত্রী আরও জানান, প্রকৃত দুস্থ, অসচ্ছল ও যোগ্য ব্যক্তিদের ভাতার আওতায় আনতে এবং অযোগ্য বা ভুয়া সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দিতে দেশব্যাপী একটি শুদ্ধি অভিযান চলছে।
তিনি বলেন, ভাতাভোগীদের বর্তমান তালিকা পুনরায় যাচাই-বাছাইয়ের লক্ষ্যে গত ১৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে মাঠপর্যায়ে তালিকা যাচাইয়ের কাজ পরিচালনা করছে।



