২০০ বাংলাদেশিকে সরকারি স্কলারশিপ

রাশিয়ায় উচ্চশিক্ষায় নতুন সুযোগ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬

বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক, সাংবাদিক ও তরুণ পেশাজীবীদের জন্য রাশিয়ায় উচ্চশিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক বিনিময় কর্মসূচিতে নতুন সুযোগের ঘোষণা দিয়েছে ঢাকার রাশিয়ান হাউস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৬ সালে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়া সরকারের বৃত্তির সংখ্যা বেড়ে ২০০-তে পৌঁছেছে, যা ২০১৮ সালে ছিল ৬৫টি

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীতে আয়োজিত রাশিয়ান হাউসের অর্ধবার্ষিক সংবাদ সম্মেলনে চলতি বছরের প্রথমার্ধের কার্যক্রম তুলে ধরে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক আলেকজান্দ্রা খেলভনয় বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে শিক্ষাগত সহযোগিতা ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে। তিনি জানান, শিগগিরই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনামূল্যে রুশ ভাষা প্রশিক্ষণ চালু করা হবে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রুশ ভাষা শেখাতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ শিক্ষক আনা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসআটম পরিচালিত ‘আইসব্রেকার অব নলেজ’ প্রকল্পের আওতায় ২০২৫ ও ২০২৬ সালে বাংলাদেশ থেকে একজন করে শিক্ষার্থী উত্তর মেরুতে বৈজ্ঞানিক অভিযানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। তারা রাশিয়ার পারমাণবিক আইসব্রেকার জাহাজ ‘৫০ লেট পোবেদি’-তে করে এই বিশেষ অভিযানে অংশ নেন।

আন্তর্জাতিক একাডেমিক প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যও তুলে ধরা হয়। ওপেন ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড ২০২৬-এর প্রজেক্ট রাউন্ডে ‘টিম বাংলাদেশ’ বিজয়ী হয়েছে। এছাড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাসিন মোহাম্মদ ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। অনুষ্ঠানে তিনি নিজের অভিজ্ঞতাও তুলে ধরেন।

রাশিয়া সরকারের অর্থায়নে পরিচালিত বিভিন্ন আন্তর্জাতিক যুব কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা শিক্ষা, গবেষণা, বিজ্ঞান, সংস্কৃতি এবং আন্তর্জাতিক বিনিময় কার্যক্রমে বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। সংবাদ সম্মেলনে সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম ২০২৬-এ অংশ নেওয়া বাংলাদেশি প্রতিনিধিরাও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

এছাড়া ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল, ইস্টার্ন ইকোনমিক ফোরাম, নিউ জেনারেশন প্রোগ্রাম এবং ‘চিলড্রেন ফর পিস’ আন্তর্জাতিক সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচির তথ্য উপস্থাপন করা হয়।

সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য ‘ইন্টাররাশিয়া ফেলোশিপ’‘ওপেন ডায়ালগ’ কর্মসূচির বিষয়েও বিস্তারিত জানানো হয়। এবারের ইন্টাররাশিয়া ফেলোশিপে নির্বাচিত বাংলাদেশি সাংবাদিক জিন্নাত আরা জাসোয়াকে অনুষ্ঠানে বিশেষভাবে অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি (RUDN University)-এ অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন রাশিয়ায় পড়াশোনা, আবাসন ব্যবস্থা, শিক্ষার মান এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য থাকা সুযোগ-সুবিধা সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

সমাপনী পর্বে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের অ্যাটাশে ও প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা ‘রাশিয়ার জনগণের ঐক্যের বছর’ শীর্ষক একটি বিশেষ উপস্থাপনা করেন।

পরে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ-রাশিয়া শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। রাশিয়ান হাউসের পক্ষ থেকে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, চলচ্চিত্র, শিল্পকলা এবং যুব বিনিময় কর্মসূচির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।