১ জুলাই থেকে নতুন নিয়ম

ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য জরুরি নির্দেশনা

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬

ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। আগামী ১ জুলাই থেকে বাংলাদেশের সব আইভ্যাকে নতুন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু হবে, যেখানে আবেদনকারীরা আর নিজেদের পছন্দমতো আবেদন জমা দেওয়ার সময় নির্বাচন করতে পারবেন না।

আইভ্যাক জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ভিসা আবেদন জমা দেওয়ার সময় সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে খালি থাকা একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট আবেদনকারীর নামে বরাদ্দ করবে। ফলে আবেদনকারীদের আলাদাভাবে টাইম স্লট নির্বাচন করার প্রয়োজন হবে না।

প্রতিটি আইভ্যাকের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতার ভিত্তিতে ধারাবাহিকভাবে আবেদনকারীদের জন্য সময় নির্ধারণ করা হবে। এই ব্যবস্থা সব ধরনের ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আইভ্যাক আবেদনকারীদের নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট ভিসা আবেদন কেন্দ্রে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছে। নির্ধারিত সময় মেনে আবেদন জমা দিলে প্রক্রিয়া আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।