যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না, অভিযোগ ইরানি গবেষকের
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না ওয়াশিংটন—এমন অভিযোগ তুলেছেন ইরানের এক গবেষক। তার দাবি, ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করা এবং আঞ্চলিক সামরিক অভিযান বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আলী আকবর দারেইনি।
দারেইনি বলেন, সমঝোতা অনুযায়ী কোনো শর্ত ছাড়াই দ্রুত ইরানের জব্দ করা সম্পদ ছাড় করার দায়িত্ব ছিল যুক্তরাষ্ট্রের। কিন্তু ওয়াশিংটন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকটি দুটি ধাপে বিভক্ত। প্রথম ধাপে রয়েছে পারস্পরিক আস্থা তৈরির পদক্ষেপ এবং দ্বিতীয় ধাপে একটি চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা। তার দাবি, প্রথম ধাপের অঙ্গীকারই পূরণ না হওয়ায় সামগ্রিক আলোচনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ইরানি এই গবেষকের অভিযোগ, সমঝোতার শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র নিজেদের পাশাপাশি ইসরায়েলের পক্ষ থেকেও বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ ও সামরিক অভিযান বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পরবর্তীতে ইসরায়েল ও লেবাননের সঙ্গে পৃথক একটি চুক্তি করে, যা ওই সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক বলে তিনি দাবি করেন।
দারেইনির ভাষ্য, যুক্তরাষ্ট্র ইরানের জব্দ করা অর্থ আটকে রেখে সেটিকে আলোচনার একটি কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
অন্যদিকে, ওয়াশিংটন এর আগে জানিয়েছে, ইরানের জব্দ সম্পদ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অন্যান্য অর্থনৈতিক বিষয় বৃহত্তর কূটনৈতিক সমঝোতার অংশ হিসেবেই বিবেচনা করা হবে।
বিশ্লেষকদের মতে, ইরানের জব্দ সম্পদ মুক্ত করা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের ভবিষ্যৎ—এই তিনটি বিষয় বর্তমানে দুই দেশের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।
সূত্র: আল জাজিরা



