ধ্বংসস্তূপে এখনো জীবিতের খোঁজ

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা ছাড়াল ১,৯০০

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৯৪৩ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ। পাশাপাশি প্রায় ৪৩ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুর্যোগে প্রায় ১৬ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫৯ হাজার বাড়িঘর। জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলোর প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, প্রায় ছয় লাখ ৮০ হাজার শিশুর জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।

মঙ্গলবারও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত ছিল। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দেশটির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে।

উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিতদের উদ্ধারের আশা ছাড়েননি। তবে একই সঙ্গে নিখোঁজদের মরদেহ উদ্ধারের কাজও চালিয়ে যাচ্ছেন তারা।

এরই মধ্যে কয়েকটি এলাকায় অলৌকিকভাবে জীবিত উদ্ধারের ঘটনাও ঘটেছে। চার দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক বাবা ও তার শিশুপুত্রকে জীবিত উদ্ধার করা হয়, যা উদ্ধারকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করে।

অন্যদিকে ধ্বংসস্তূপে আটকে থাকা এক মা ও তার শিশুকে উদ্ধারে যুক্তরাষ্ট্র ও ইকুয়েডর থেকে আসা বিশেষায়িত উদ্ধারকারী দল টানা ৪০ ঘণ্টা চেষ্টা চালায়। তবে মঙ্গলবার ধ্বংসস্তূপের ভেতরে আর কোনো জীবনের চিহ্ন না পাওয়ায় তারা অভিযানটি বন্ধ করে দেয়।

উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।