পাকিস্তানের ভেতরে বিমান হামলার দাবি আফগানিস্তানের
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬
আফগানিস্তান দাবি করেছে, পাকিস্তানের ভেতরে কথিত দায়েশ (আইএস) ঘাঁটিতে সফল বিমান হামলা চালানো হয়েছে। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, আফগানিস্তান থেকে ছোড়া চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর পাঠানো চারটি সাধারণ ধরনের ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে।
ইসলামাবাদের দাবি, আফগান ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার অংশ হিসেবে এসব ড্রোন পাঠানো হয়েছিল।
বিবৃতিতে আরও বলা হয়, আফগান তালেবান যদি পাকিস্তানের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখে, তবে তার কঠোর জবাব দেওয়া হবে এবং এর মূল্য তাদের দিতে হবে।
অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমুখপাত্র সিদ্দিকুল্লাহ নুসরাত জানিয়েছেন, আফগান বিমান বাহিনী পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে কথিত দায়েশের ঘাঁটিতে নির্ভুল বিমান হামলা চালিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, হামলায় জঙ্গি সংগঠনটির ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
নুসরাত বলেন, হামলাগুলো অত্যন্ত নিখুঁতভাবে পরিচালিত হয়েছে এবং এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি।
সম্প্রতি করাচিতে একটি নিরাপত্তা স্থাপনায় জঙ্গি হামলার পর পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরে কথিত সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা চালায়। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে শুরু করে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে একাধিক জঙ্গি হামলার ঘটনায় দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়েছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিগোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালায়। তবে কাবুল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
সূত্র: আনাদোলু এজেন্সি



