ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ
১৩ লাখ সদস্যের সেনাবাহিনীর নেতৃত্বে নতুন অধ্যায়
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬
ভারতের নতুন সেনাপ্রধান (চিফ অব দ্য আর্মি স্টাফ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ। মঙ্গলবার (৩০ জুন) আনুষ্ঠানিকভাবে তিনি দেশটির প্রায় ১৩ লাখ সদস্যের সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন।
জেনারেল ধীরাজ শেঠ অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হয়েছেন। দীর্ঘ চার দশকেরও বেশি সময় সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের পর মঙ্গলবার অবসরে যান জেনারেল দ্বিবেদী।
সামরিক জীবনে ভারতের পশ্চিম সীমান্তে দুটি গুরুত্বপূর্ণ অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে জেনারেল শেঠের। দীর্ঘ কর্মজীবনে কৌশলগত পরিকল্পনা, সীমান্ত ব্যবস্থাপনা এবং সামরিক নেতৃত্বের দক্ষতার কারণে তিনি একজন অভিজ্ঞ ও সফল সেনা কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
বর্তমানে সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে ভারত। আত্মনির্ভরশীল প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির এই সময়েই সেনাবাহিনীর নেতৃত্বে এলেন জেনারেল ধীরাজ শেঠ।
জেনারেল শেঠ ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমির খড়গবাসলা ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী। ১৯৮৬ সালের ডিসেম্বরে তিনি আর্মার্ড কোরে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন।
ভারতের প্রতিরক্ষা খাতের চলমান আধুনিকায়ন কার্যক্রম, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: এনডিটিভি



