চীনের সঙ্গে বন্ধুত্ব আরও গভীর করতে চায় উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার বৈদেশিক বাণিজ্যের ৯৮ শতাংশই চীনের সঙ্গে

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬

চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠককে তিনি দুই দেশের সম্পর্কের অগ্রগতির একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার (১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট শি জিনপিংকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় কিম জং উন বলেন, বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত করাই পিয়ংইয়ংয়ের নীতিগত অবস্থান।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, সমাজতান্ত্রিক আদর্শ ও দীর্ঘ ঐতিহাসিক বন্ধনের ভিত্তিতে উত্তর কোরিয়া-চীন সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করার বিষয়ে দেশটির সরকার ও ক্ষমতাসীন দলের দৃঢ় অঙ্গীকার রয়েছে।

কিম জং উন বলেন, সাম্প্রতিক পিয়ংইয়ং শীর্ষ সম্মেলন দুই দেশের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি ঐতিহাসিক উপলক্ষ হয়ে উঠেছে। বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দক্ষিণ কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা ইয়োনহাপের তথ্য অনুযায়ী, গত ৮ ও ৯ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিয়ংইয়ং সফর করেন। এটি ছিল সাত বছরের মধ্যে উত্তর কোরিয়ায় তার প্রথম সফর।

শিকে পাঠানো বার্তায় কিম আরও বলেন, উত্তর কোরিয়া ও চীনের সম্পর্ক দুই দেশের জনগণের যৌথ সম্পদ এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতার গুরুত্বপূর্ণ ভিত্তি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, সাম্প্রতিক শীর্ষ বৈঠকে দুই নেতা ভবিষ্যৎ সম্পর্ক জোরদারে একটি সুদূরপ্রসারী রূপরেখা গ্রহণ করেছেন। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সফরকালে প্রেসিডেন্ট শি দুই দেশের মধ্যে কূটনৈতিক, প্রশাসনিক ও সামরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হলেও দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার হিসেবে এখনো চীনের অবস্থান অটুট রয়েছে।

দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ও অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে উত্তর কোরিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯৮ শতাংশই চীনের সঙ্গে সম্পন্ন হয়েছে।

সূত্র: আল জাজিরা