শাপলা চত্বর মামলায় নতুন আসামি হচ্ছেন হাসানুল হক ইনু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আসামি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (২ জুলাই) তিনি বলেন, তদন্তে ওই ঘটনার সঙ্গে হাসানুল হক ইনুর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। চলতি মাসের শেষ সপ্তাহে মামলার তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরে অভিযান পরিচালনার সময় ইনু তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তদন্তে জানা গেছে, তৎকালীন প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে ওই রাতে দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশনের সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে ইসলামিক টেলিভিশনের কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই দুটি টেলিভিশনের সম্প্রচার বন্ধ হয়ে যায়।
তার দাবি, ওই পদক্ষেপের মাধ্যমে শাপলা চত্বরের ঘটনাকে গোপন করা এবং আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। এ কারণেই ইনুকে মামলার আসামি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরই মধ্যে এ মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, শাহরিয়ার কবির, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাসহ কয়েকজন গ্রেপ্তার রয়েছেন। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ ও ইমরান এইচ সরকারসহ কয়েকজন পলাতক রয়েছেন।
এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে অন্তত ৫৮ জন নিহত হওয়ার তথ্য তদন্তে পাওয়া গেছে।
তবে নতুন মামলায় হাসানুল হক ইনুকে আসামি করার উদ্যোগকে ‘প্রতিহিংসামূলক’ বলে দাবি করেছেন তার আইনজীবী প্যানেলের সদস্য মোহাম্মদ আবুল হাসান। তিনি বলেন, একই ধরনের অভিযোগ একাধিক মামলায় আনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রচলিত নজিরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার ভাষ্য, ইনুর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকত, তা বিদ্যমান মামলাতেই অন্তর্ভুক্ত করা যেত।
উল্লেখ্য, গত ৩০ জুন জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। এবার শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলাতেও তাকে আসামি করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।



