টিআইবির পর্যবেক্ষণ

নতুন আইনের খসড়ায় স্বাধীন নয় মানবাধিকার কমিশন: টিআইবি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬

জাতীয় মানবাধিকার কমিশনকে সরকারের নিয়ন্ত্রণমুক্ত একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিবর্তে নতুন আইনের খসড়ায় এক বা একাধিক মন্ত্রণালয়ের অধীনে রাখার সুযোগ রাখা হয়েছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এভাবে আইন পাস হলে কমিশনের স্বাধীনতা ও কার্যকরভাবে দায়িত্ব পালনের সক্ষমতা ক্ষুণ্ন হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর মাইডাস সেন্টারে অনুষ্ঠিত ‘খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০২৬: হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) ও টিআইবির পর্যালোচনা ও সুপারিশ’ শীর্ষক পরামর্শ সভায় এসব পর্যবেক্ষণ তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, খসড়া আইনে কমিশনার নিয়োগের ক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। সাজাপ্রাপ্ত ব্যক্তি কমিশনার হতে পারবেন না, কমিশনের সভার লিখিত কার্যবিবরণী প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে, তদন্তকারী কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হয়েছে এবং জাতীয় প্রতিরোধ ব্যবস্থার এখতিয়ারও সম্প্রসারণ করা হয়েছে।

তবে এসব ইতিবাচক দিকের পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে বড় ধরনের ঘাটতি রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, ২০২৫ সালের জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশে কমিশনকে সরকারের নিয়ন্ত্রণের বাইরে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে রাখার কথা বলা হয়েছিল। কিন্তু নতুন খসড়ায় কমিশনকে সরকারের এক বা একাধিক মন্ত্রণালয়ের অধীন রাখার সুযোগ রাখা হয়েছে। আইনে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে জাতীয় মানবাধিকার কমিশন একটি স্বাধীন সংস্থা হবে এবং সরকারের কোনো মন্ত্রণালয়ের অধীনে থাকবে না।

খসড়া আইনের ১৩ নম্বর ধারার সমালোচনা করে তিনি বলেন, কমিশনের তদন্ত, পরিদর্শন ও তদারকির ক্ষমতার আওতায় আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা বা নজরদারি সংস্থার সম্ভাব্য গোপন আটককেন্দ্র বা কথিত ‘আয়নাঘর’ পরিদর্শনের বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়নি।

এ ছাড়া ২০ নম্বর ধারার বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে কমিশনের ক্ষমতা সীমিত রাখা হয়েছে। অভিযোগ যাদের বিরুদ্ধে, প্রতিকার পাওয়ার দায়িত্বও তাদের কাছেই রাখা হয়েছে। ২০২৫ সালের অধ্যাদেশের মতো কমিশনের পূর্ণাঙ্গ তদন্ত ক্ষমতা বহাল রাখার দাবি জানান তিনি।

সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের পূর্বানুমতির বিধান পুনর্বহাল না করারও আহ্বান জানায় টিআইবি।

টিআইবি জানায়, ৪২ ধারার খসড়া আইনের মধ্যে ১৭টি ধারায় আপত্তি জানিয়ে মোট ১৯টি সুপারিশ দিয়েছে তারা।

সরকার এসব সুপারিশ গ্রহণ না করলে টিআইবির অবস্থান কী হবে— এমন প্রশ্নের জবাবে ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকার বা জাতীয় সংসদ যদি একটি স্বাধীন ও কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠনে আগ্রহী না হয়, তাহলেও মানবাধিকারকর্মী হিসেবে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পর্যবেক্ষণ উপস্থাপনের পর অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় বিভিন্ন নাগরিক সংগঠন, মানবাধিকারকর্মী, নারী প্রতিনিধি, দলিত ও হরিজন সম্প্রদায়ের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। আলোচনায় খসড়া আইনটি আরও অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও আন্তর্জাতিক মানসম্মত করার আহ্বান জানানো হয়।