১১ বছরের শিশুর গাড়িচাপায় থাইল্যান্ডে ৯ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ১১ বছর বয়সী এক শিশুর চালানো একটি পিকআপভ্যানের ধাক্কায় তীর্থযাত্রায় থাকা অন্তত ৯ জন বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩ জুলাই) প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরের মুকদাহান প্রদেশের ৩৫ জন বৌদ্ধ ভিক্ষু উবন রাচাথানি প্রদেশের উদ্দেশে প্রায় ২৬০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় বের হয়েছিলেন। যাত্রা শুরুর প্রায় ৩০ মিনিটের মাথায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষুর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান।
স্থানীয় উদ্ধারকারী সংস্থা রুয়াম জাই মুকদাহান রেসকিউ অ্যাসোসিয়েশনের প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভিক্ষুরা সড়কের পাশে এক সারিতে হাঁটছিলেন। এ সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়।
পুলিশ জানিয়েছে, পিকআপটি চালাচ্ছিল ১১ বছর বয়সী এক শিশু। তাকে হেফাজতে নেওয়া হয়েছে। শিশু সুরক্ষা বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রাথমিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শী ভিক্ষুরা পুলিশকে জানিয়েছেন, দুর্ঘটনার আগে পিকআপ ভ্যানটি সড়কে এদিক-সেদিক দুলছিল। পরে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ভিক্ষুদের ওপর উঠে যায়।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে থাইল্যান্ডের পুলিশ।



