আমেরিকাজুড়ে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬

আমেরিকার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আগামী ৪ জুলাই দেশজুড়ে নানা আয়োজনের প্রস্তুতি চলছে। তবে একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, বেশির ভাগ মার্কিনি উদযাপনে অংশ নেওয়ার পরিকল্পনা করলেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন না।

রয়টার্স পরিচালিত অনলাইন জরিপে গত ১২ থেকে ১৫ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে ১ হাজার ৫৩৭ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ জানিয়েছেন, তারা এবারের স্বাধীনতা দিবস উদযাপন করবেন। এর মধ্যে রিপাবলিকান সমর্থকদের ৯১ শতাংশ, ডেমোক্র্যাটদের ৭৬ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের ৭৪ শতাংশ উদযাপনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছেন।

জরিপে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়েও রাজনৈতিক বিভাজনের প্রতিফলন দেখা গেছে। অংশগ্রহণকারীদের ৩৮ শতাংশ মনে করেন, আগামী ২৫০ বছর পর যুক্তরাষ্ট্র একক রাষ্ট্র হিসেবে টিকে থাকবে— এমন সম্ভাবনা কম।

অন্যদিকে, প্রতি পাঁচজনের একজন জানিয়েছেন, তারা এ বছর স্বাধীনতা দিবস উদযাপন করবেন না। জরিপে অংশ নেওয়া ৫৭ শতাংশের মতে, ৪ জুলাই মূলত কাজ থেকে ছুটি নিয়ে পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর দিন, কিংবা এটি তাদের কাছে আরেকটি সাধারণ দিনের মতো।

উদযাপনের ধরন সম্পর্কেও জরিপে নানা তথ্য উঠে এসেছে। ৪৮ শতাংশ উত্তরদাতা পরিবার বা বন্ধুদের সঙ্গে বারবিকিউ বা বিশেষ রান্নার আয়োজন করবেন। এছাড়া ১৬ শতাংশ যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার লাল, সাদা ও নীল রঙের আদলে খাবার, পানীয় বা মিষ্টান্ন প্রস্তুত করার পরিকল্পনা করেছেন।

এদিকে ৩৪ শতাংশ আতশবাজির প্রদর্শনী দেখতে যাবেন এবং ১৮ শতাংশ নিজ উদ্যোগে আতশবাজি ফোটানোর পরিকল্পনা করেছেন।

জরিপে আরও দেখা গেছে, ৪১ শতাংশ মার্কিনি নিজেদের বাড়ির বাইরে জাতীয় পতাকার আদলে সাজসজ্জা করবেন। এ ক্ষেত্রে রিপাবলিকান সমর্থকদের অংশগ্রহণ সবচেয়ে বেশি। তাদের মধ্যে ৬৪ শতাংশ এমন সাজসজ্জার পরিকল্পনা করেছেন, যা স্বতন্ত্র ও ডেমোক্র্যাট সমর্থকদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।