বাংলাদেশ-ইরান সম্পর্ক জোরদারে তেহরানে স্পিকার পর্যায়ের বৈঠক
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ-এর সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার (৩ জুলাই) তেহরানে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক শান্তি এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে স্পিকার গালিবাফ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে বাংলাদেশ থেকে আসা স্পিকার ও প্রতিনিধিদলকে স্বাগত জানান।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার হত্যাকাণ্ডের নিন্দা জানান। তিনি জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের সংহতি প্রকাশ করেন।
বৈঠকে তিনি বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ এবং জনগণের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন।
স্পিকার হাফিজ উদ্দিন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ইরান এবং সমগ্র অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সহায়ক হবে।
এ সময় চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিদ্যমান বিরোধগুলোর টেকসই সমাধান সম্ভব।
বৈঠকের শেষে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য স্পিকার গালিবাফকে আমন্ত্রণ জানান হাফিজ উদ্দিন আহমেদ।
উল্লেখ্য, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বৃহস্পতিবার তেহরানে পৌঁছান। তেহরান বিমানবন্দরে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজী বাবাই বাংলাদেশ প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান।



