দুর্নীতির অভিযোগে তদন্ত
শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬
শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অব দ্য ফ্লিট ওয়াসান্থা কারান্নাগোদাকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ব্রাইবারি কমিশন। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে ইয়োশিথা রাজাপাকসেকে অবৈধভাবে নৌবাহিনীতে নিয়োগ এবং বিদেশে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার অভিযোগে শুক্রবার তাকে হেফাজতে নেওয়া হয়।
আরব নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, যোগ্যতা না থাকা সত্ত্বেও ২০০৬ সালে ইয়োশিথা রাজাপাকসেকে শ্রীলঙ্কার নৌবাহিনীতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কারান্নাগোদা ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
৭৩ বছর বয়সী কারান্নাগোদা ২০০৯ সালে তামিল বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের শেষ পর্যায়ে শ্রীলঙ্কার নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৯ সালে তাকে দেশটির সর্বোচ্চ নৌ সামরিক সম্মান ‘অ্যাডমিরাল অব দ্য ফ্লিট’ উপাধিতে ভূষিত করা হয়। বর্তমানে তিনি নৌবাহিনীর কোনো সক্রিয় দায়িত্বে নেই।
এদিকে কারান্নাগোদার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালের মার্চে যুক্তরাজ্য তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এ ছাড়া ২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে ১১ জন যুবককে অপহরণ ও হত্যার অভিযোগ নিয়েও তিনি দীর্ঘদিন ধরে তদন্তের মুখোমুখি রয়েছেন।



