জনগণের কষ্ট লাঘবে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্ভোগ কমানো এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন বলে মন্তব্য করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী সম্প্রদায়।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। বাজেটে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ঘাটতি রাখা হয়নি এবং প্রধানমন্ত্রী নিয়মিত এসব কার্যক্রম তদারকি করছেন।
তিনি বলেন, নতুন বাজেটে বার্ষিক চার লাখ টাকা পর্যন্ত আয়কে করমুক্ত রাখা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমানো হয়েছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে।
ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, এই আন্দোলনের মাধ্যমে দেশে একটি মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। একই সঙ্গে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের উদ্দেশে রিজভী বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক অগ্রগতির জন্য সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে লড়াই করেছে। বিভাজনের রাজনীতি এ দেশের মানুষ কখনো মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না।
তিনি আরও বলেন, অতীতে ধর্ম নয়, বরং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মানুষ বৈষম্য ও নির্যাতনের শিকার হয়েছে। চব্বিশের জুলাইয়ের আন্দোলনে সব ধর্মের মানুষ একসঙ্গে অংশ নিয়েছিল। ভবিষ্যতেও দেশের স্বাধীনতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ বিভিন্ন ধর্মীয় ও নৃ-গোষ্ঠীর নেতারা উপস্থিত ছিলেন।



