তেহরানে খামেনির শেষ বিদায়, উপস্থিত বিশ্বনেতারা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৬
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। শুক্রবার থেকে শুরু হওয়া এ শোকানুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা যোগ দিচ্ছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন খামেনি। যুদ্ধ পরিস্থিতির কারণে তার দাফন বিলম্বিত হয়। ৩ জুলাই তেহরানে বিদেশি প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক শোকানুষ্ঠান শুরু হয়েছে। এরপর সাত দিনব্যাপী দেশের বিভিন্ন শহরে রাষ্ট্রীয় কর্মসূচি পালিত হবে।
কর্মসূচি অনুযায়ী, শনিবার ও রোববার তেহরানে জনসাধারণের জন্য মরদেহ প্রদর্শন করা হবে। সোমবার ও মঙ্গলবার মরদেহ নেওয়া হবে কওম শহরে। বুধবার ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক অভ্যর্থনার পর নাজাফ ও কারবালায় জনসমাবেশ অনুষ্ঠিত হবে। পরে মরদেহ ইরানের মাশহাদে ফিরিয়ে এনে ইমাম রেজার মাজারে দাফন করা হবে।
অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ইতোমধ্যে তেহরানে পৌঁছেছেন। এছাড়া তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রহমান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এবং জর্জিয়ার প্রেসিডেন্ট মিখেইল কাভেলাশভিলি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইয়িলমাজ, ভারতের পক্ষ থেকে বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন ও উপ-পররাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্ঘেরিতা উপস্থিত থাকবেন। ভারতের বিরোধী নেতা সালমান খুরশিদ ও মেহবুবা মুফতিও প্রতিনিধি দলে রয়েছেন।
এ ছাড়া চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান হে ওয়েই, রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ, আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং উপ-প্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদারও শোকানুষ্ঠানে যোগ দিচ্ছেন।
বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইতোমধ্যে তেহরানে পৌঁছে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন।



