জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল দেশের পরিবর্তন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থান কোনো একক দল বা ব্যক্তির অর্জন নয়; এটি গণতন্ত্র ও শান্তিকামী সব মানুষের সম্মিলিত অর্জন। তিনি বলেন, দল-মত নির্বিশেষে যেসব মানুষ আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের অবদান জাতি সবসময় স্মরণ করবে।

শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলানগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) ‘জুলাই জাতীয় সম্মেলন’ ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। তবে বিচার প্রক্রিয়ায় যেন কোনো ধরনের অবিচার না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, “সময় লাগলেও প্রকৃত হত্যাকারীদের সঠিক বিচার নিশ্চিত করা হবে।”

তারেক রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে মানুষ দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাজপথে নেমেছিল। যারা জীবন দিয়েছেন, তাদের লক্ষ্য ছিল দেশের পরিবর্তন। তাই তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।

ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গত ১৭ বছরে তিনি, তার পরিবার এবং দেশের মানুষ নানা ধরনের অবিচারের শিকার হয়েছেন। তবে সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা তার নেই।

তিনি বলেন, “আমার মা বেঁচে থাকলে তিনিও বলতেন, প্রতিহিংসা নয়; সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আমার ভাইও একই কথা বলত।”

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৭ বছর আগে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। দীর্ঘ সময় পর দেশে ফিরে এসে দেখেছেন, তার অনেক সহকর্মী ও ছাত্রদলের বহু নেতাকর্মী আর বেঁচে নেই। তাদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রার অংশ হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।