ঘনিষ্ঠ হচ্ছে ভারত-জাপান সম্পর্ক

মোদিকে ‘বড় ভাই’ বললেন তাকাইচি

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘বড় ভাই’ ও ‘ছোট বোন’-এর সঙ্গে তুলনা করে দুই দেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার বার্তা দিয়েছেন। বৈঠক শেষে তাকাইচি হাসিমুখে বলেন, ‘আমাকে একজন সুন্দরী ছোট বোন বলা হয়েছে। আগের আলোচনায় আমরা ভাই-বোনের মতো একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম।’

জাপানের প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচির প্রথম ভারত সফরকে দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সফরে যৌথ নৌমহড়া, বিভিন্ন সহযোগিতা চুক্তি এবং জাপানের হোক্কাইডো দ্বীপে একটি বলিউড চলচ্চিত্র নির্মাণসহ নানা বিষয়ে সমঝোতা হয়েছে।

দুই দেশ সামুদ্রিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন খাতে চারটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। পাশাপাশি ভারত ও জাপানের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে ১০০টিরও বেশি সমঝোতা চুক্তি সই হয়েছে। এসব চুক্তির মধ্যে সেমিকন্ডাক্টর, অ্যামোনিয়া, সবুজ জ্বালানি এবং চাঁদে যৌথ মহাকাশ মিশনে সহযোগিতার পরিকল্পনা রয়েছে। এছাড়া ভারতে শিটাকে মাশরুম ও স্ট্রবেরি চাষ নিয়েও সমঝোতা হয়েছে।

ভারতে জাপানের সাবেক রাষ্ট্রদূত ও জাপান রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান কেনজি হিরামাসু বলেন, গত কয়েক বছরে ভারতের প্রতি জাপানি কোম্পানিগুলোর আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু বড় কোম্পানিই নয়, ছোট ও মাঝারি প্রতিষ্ঠান এবং স্টার্টআপগুলোর মধ্যেও ভারতের বাজার নিয়ে আগ্রহ বাড়ছে।

তার মতে, আগে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক মূলত অটোমোবাইল শিল্পকে ঘিরে থাকলেও এখন প্রযুক্তি, উৎপাদনশিল্প ও সরবরাহ শৃঙ্খলভিত্তিক সহযোগিতা দ্রুত বিস্তৃত হচ্ছে। ২০২৫ সালে আগামী ১০ বছরে ভারতে প্রায় ১০ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগে জাপানের যে প্রতিশ্রুতি ছিল, বর্তমান উদ্যোগ তারই ধারাবাহিকতা।

বৈঠকে জানানো হয়, জাপানি কোম্পানিগুলো ইতোমধ্যে ভারতে প্রায় ২ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের পরিকল্পনা করেছে। তাকাইচির সফরে ৫০ জনেরও বেশি জাপানি ব্যবসায়িক প্রতিনিধি অংশ নেন। তাদের মধ্যে সুজুকি মোটর করপোরেশনের চেয়ারম্যানও ছিলেন। ভারতের বাজার বর্তমানে সুজুকির সবচেয়ে বড় বাজার এবং প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান মুনাফার উৎস।

অন্যদিকে, ভারতের আদানি গ্রুপ ডলারের ওপর নির্ভরতা কমাতে ইয়েনভিত্তিক ঋণ নেওয়ার উদ্যোগ নিয়েছে, যা দুই দেশের আর্থিক সহযোগিতার নতুন দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এমন এক সময়ে এই সফর অনুষ্ঠিত হলো, যখন ভারত ও জাপান উভয়ই চীন ও যুক্তরাষ্ট্রের বাইরে নতুন বাণিজ্যিক অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী। একই সঙ্গে বৈশ্বিক অস্থিরতা, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যও রয়েছে।

তাকাইচি বলেন, ভবিষ্যতের ভূরাজনৈতিক সংকট মোকাবিলায় জ্বালানি ও প্রযুক্তির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অর্থনীতিকে বাহ্যিক ধাক্কা থেকে সুরক্ষিত রাখা জরুরি। তার ভাষায়, ‘আন্তর্জাতিক অস্থিরতার এই সময়ে ভারত ও জাপানকে নিজেদের শক্তিকে কাজে লাগিয়ে একসঙ্গে আরও সমৃদ্ধ ও শক্তিশালী হতে হবে।’