বাতিল-স্থগিত একাধিক অনুষ্ঠান
প্রচণ্ড দাবদাহে ব্যাহত আমেরিকার স্বাধীনতা দিবসের আয়োজন
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৬
তীব্র তাপপ্রবাহের কারণে আমেরিকার মধ্য ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় স্বাধীনতা দিবস (৪ জুলাই) উদযাপনের নানা আয়োজন ব্যাহত হয়েছে। প্রচণ্ড গরমের কারণে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ডজনখানেক শোভাযাত্রা, কনসার্ট ও আতশবাজির প্রদর্শনী বাতিল বা স্থগিত করা হয়েছে।
ব্যাহত হওয়া আয়োজনগুলোর মধ্যে রয়েছে ওয়াশিংটনের ন্যাশনাল মলে অনুষ্ঠিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আমেরিকার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মেলাটি ছিল উদযাপনের অন্যতম প্রধান আকর্ষণ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, ৫০টি অঙ্গরাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত এই মেলা শুক্রবার বিকেলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সে সময় তাপমাত্রা ছিল ১০১ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস)।
এদিকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আড়াইশ বছর আগে দেশের প্রতিষ্ঠাতারা যে স্বাধীনতার ভিত্তি নির্মাণ করেছিলেন, তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভাষণে তিনি আসন্ন মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গ টেনে প্রগতিশীল ডেমোক্র্যাটদেরও কঠোর সমালোচনা করেন।
স্বাধীনতা দিবসের সন্ধ্যার সূচনায় ট্রাম্প সফর করেন সাউথ ডাকোটার ব্ল্যাক হিলসে অবস্থিত ঐতিহাসিক মাউন্ট রাশমোর স্মৃতিসৌধে। জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন, থিওডোর রুজভেল্ট ও আব্রাহাম লিঙ্কনের ৬০ ফুট উঁচু খোদাই করা প্রতিকৃতি সম্বলিত এই স্মৃতিসৌধ আমেরিকার ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম প্রতীক।
পরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প স্বাধীনতার স্থপতিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, প্রগতিশীল ডেমোক্র্যাটরা এক ধরনের ‘কমিউনিস্ট হুমকি’ তৈরি করছে, যা দেশের প্রতিষ্ঠাতাদের স্বপ্নকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
দাবদাহের প্রভাব শুধু ওয়াশিংটনেই সীমাবদ্ধ থাকেনি। বোস্টনে দুপুরের অনুষ্ঠান বিকেলে সরিয়ে নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন স্থানে কুলিং সেন্টার ও মিস্ট স্টেশন চালু করা হয়েছে।
এ ছাড়া ফিলাডেলফিয়ার ঐতিহ্যবাহী ‘স্যালুট টু ইন্ডিপেন্ডেন্স সেমিকুইনসেন্টেনিয়াল প্যারেড’ বাতিল করা হয়েছে। নিউ জার্সির হ্যাডন টাউনশিপ এবং নিউইয়র্কের ওয়াটারটাউনেও প্যারেড ও কনসার্ট স্থগিত করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র গরমে জননিরাপত্তার কথা বিবেচনা করেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



