আগামী তিন দিনে ৫ জেলায় বন্যার সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬

আগামী ৭২ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর ফলে এসব জেলার কিছু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কাও রয়েছে।

রোববার (৫ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উজানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কয়েকটি নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সারিগোয়াইন, সোমেশ্বরী ও কংস নদীর পানি কিছুটা কমেছে এবং যাদুকাটা ও ভুগাই নদীর পানি স্থিতিশীল রয়েছে। তবে আগামী ৭২ ঘণ্টায় এসব নদীর পানিও দ্রুত বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা নদীর পানি স্থিতিশীল রয়েছে। ধরলা ও দুধকুমার নদীর পানি কমলেও আগামী দুই দিন তা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পরিস্থিতির দিকে নজর রেখে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।