আধুনিক নিরাপত্তা কৌশলের সঙ্গে জনসম্পৃক্ততাও জরুরি: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এমন কৌশল গ্রহণ করতে হবে, যাতে সরকারপ্রধান জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে তিনি জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর আস্থা রাখতে চান বলেও উল্লেখ করেন।
রোববার (৫ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যস্ত করা জরুরি, যাতে জনগণ নিজেদের সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন।” এ বিষয়ে পিজিআরের সব কর্মকর্তা ও সদস্যের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, পিজিআর বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট এবং বাহিনীটির সদস্যরা পেশাদারিত্ব, আনুগত্য ও শৃঙ্খলার সমন্বয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানের দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করে আসছে বাহিনীটি।
চলতি বছর পিজিআর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি বাহিনীর জন্য অত্যন্ত গৌরবের বিষয় এবং তাদের পেশাদারিত্বের স্বীকৃতি।
তারেক রহমান বলেন, বর্তমান বিশ্বে প্রচলিত নিরাপত্তা চ্যালেঞ্জের পাশাপাশি সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ ও তথ্যযুদ্ধের মতো নতুন হুমকি তৈরি হয়েছে। এসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় পিজিআরসহ সব বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সব সময় প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও জানান, সশস্ত্র বাহিনীর পাশাপাশি পিজিআর ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর মতো বিশেষায়িত বাহিনীকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তুলতে সরকার পরিকল্পনা বাস্তবায়ন করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।



