গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নিতে প্রধানমন্ত্রীকে ইইউর আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’-এ অংশগ্রহণ এবং সেখানে মূল প্রবন্ধ (কীনোট) উপস্থাপনের আমন্ত্রণ জানিয়েছেন।
সোমবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৭ সালের জুনে অনুষ্ঠিতব্য গ্লোবাল গেটওয়ে ফোরাম-এর তৃতীয় আসরে অংশগ্রহণ এবং সেখানে কীনোট বক্তব্য দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে।
সরকারের আশা, প্রধানমন্ত্রী ফোরামে অংশ নিলে ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগ-এর আওতায় বাংলাদেশের টেকসই অবকাঠামো, ডিজিটালায়ন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে আরও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।
বৈঠকে রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস-এর একটি চিঠিও হস্তান্তর করেন। এতে তাকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়ে সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রস্তাবিত বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন বিজনেস ফোরাম ২০২৭, আসন্ন উচ্চপর্যায়ের সফর ও কার্যক্রম, বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-এর সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।
এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, জাতিসংঘের বিভিন্ন ইস্যু এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। বৈঠকের শেষে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।



