মহারাষ্ট্রে টানা বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু, পাহাড়ধসে আটকা অন্তত ৩০
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে টানা ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টিজনিত দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মুম্বাইয়ে বাড়ি ধসে ছয়জন এবং পুনের পাহাড়ধসে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এছাড়া পুনের একটি পাহাড়ধসে অন্তত ৩০ জন আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, পুনে জেলার মাভাল উপজেলার লোহাগড় দুর্গসংলগ্ন এলাকায় গভীর রাতে পাহাড়ের একটি অংশ ধসে কয়েকটি বাড়ি চাপা পড়ে। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান চালিয়ে সোমবার সকালে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে। ধ্বংসস্তূপে আটকে থাকা অন্যদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, মুম্বাইয়ের মানখুর্দ এলাকায় রোববার রাতে একটি বাড়ি ধসে পাঁচ শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। নিহত শিশুদের বয়স দুই থেকে ১৪ বছরের মধ্যে। এছাড়া ঠানে জেলায় নদীতে ডুবে এক কিশোরেরও মৃত্যু হয়েছে।
অবিরাম বৃষ্টির কারণে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ের একটি টানেলের কাছে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। নিরাপত্তার স্বার্থে সোমবার ভোর থেকে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। পুরোনো মুম্বাই-পুনে সড়কের বিভিন্ন অংশও পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
রেল যোগাযোগেও বড় ধরনের প্রভাব পড়েছে। মধ্য রেলওয়ের কারজাত-লোনাভলা অংশে পাহাড়ধসের কারণে অন্তত ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে এবং কয়েকটি দূরপাল্লার ট্রেন বিকল্প পথে পরিচালিত হচ্ছে।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, মুম্বাই, পুনে, ঠানে, রায়গড় ও পালঘর জেলায় আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় মুম্বাই ও পুনেতে লাল সতর্কতা জারি করা হয়েছে। সোমবার মুম্বাইয়ে স্কুল-কলেজ ও সরকারি দপ্তর বন্ধ রাখা হয়েছে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার পত্রিকা



