প্রায় দুই দশক পর গাজার শাসন কমিটি বিলুপ্ত করল হামাস

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬

প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার বেসামরিক প্রশাসন পরিচালনাকারী শাসন কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সোমবার এ সিদ্ধান্তের মাধ্যমে গাজা পরিচালনার জন্য প্রস্তাবিত একটি টেকনোক্র্যাট বা জাতীয় কমিটির দায়িত্ব গ্রহণের পথ আরও সুগম হলো।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহর কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে হামাসই উপত্যকার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। প্রায় ২০ বছর পর সেই শাসন কাঠামো ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে হামাসের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, গাজার শাসন কমিটি বিলুপ্ত করার প্রস্তুতি দীর্ঘদিন ধরেই চলছিল। এর মাধ্যমে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির অধীনে বেসামরিক প্রশাসন পরিচালনার সুযোগ তৈরি হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক কর্মকর্তা এএফপিকে বলেন, সংগঠনটি শাসন কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে একজন জাতীয়ভাবে গ্রহণযোগ্য ব্যক্তিকে কমিটির কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হবে। নতুন জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।

গত অক্টোবরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই হামাস বারবার জানিয়ে আসছিল, তারা দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। তবে গোষ্ঠীটির নিরস্ত্রীকরণসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখনো অমীমাংসিত রয়েছে।

হামাসের আরেক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি মিসরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত বৈঠকে ফিলিস্তিনের অন্যান্য রাজনৈতিক গোষ্ঠীকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সংশ্লিষ্ট উপদলগুলো হামাসের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং গাজার প্রশাসনিক দায়িত্ব জাতীয় কমিটির কাছে হস্তান্তরের ক্ষেত্রে এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেছে।

এদিকে হামাসের গণমাধ্যম শাখা জানিয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সোমবার পরে একটি সংবাদ সম্মেলন করবে সংগঠনটি।

হামাসের এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি কর্মকর্তা আলী শাথের নেতৃত্বাধীন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি)-এর প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পথ উন্মুক্ত হলো।

সূত্র: এএফপি