সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৬
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের আইন মেনে চলা এবং অপরাধসংক্রান্ত ঘটনায় নিজ উদ্যোগে কোনো ব্যবস্থা না নেওয়ার আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।
সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, কোনো ব্যক্তি অপরাধে জড়িত বলে সন্দেহ হলে বা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।
প্রয়োজনে সৌদি আরবের জরুরি সেবা নম্বর ৯৯৯ অথবা ৯১১-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস সতর্ক করে জানিয়েছে, অপরাধের অভিযোগ থাকলেও কাউকে নিজ উদ্যোগে আটক রাখা, জিজ্ঞাসাবাদ করা বা শারীরিকভাবে নির্যাতন করা সৌদি আরবের আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশিকে স্থানীয় আইন-কানুন মেনে চলতে হবে এবং যেকোনো অপরাধ বা সন্দেহজনক ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা নিতে হবে।
দূতাবাস প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে।



