সাভারে বিস্ফোরণ, দ্রুত তদন্ত ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৬
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে বিস্ফোরণের ঘটনায় এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে অভিযোগ করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (৬ জুলাই) রাতে সাভার মডেল থানা প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতও হতে পারে।
নাহিদ ইসলাম বলেন, “আমরা মনে করছি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি এর পেছনে রাজনৈতিক একটি উদ্দেশ্য রয়েছে।”
তিনি অভিযোগ করেন, পুলিশকে দলীয়ভাবে পরিচালিত করা হলে তারা এ ধরনের ঘটনায় কার্যকর ভূমিকা রাখতে পারে না। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা গেলে পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে কি না, সেটিও স্পষ্ট হবে বলে মন্তব্য করেন তিনি।
বিস্ফোরণের সময় বিদ্যুৎ চলে যাওয়ার পর পুলিশের তৎপরতা যথেষ্ট ছিল না বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। যদিও পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেন, তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি বলে দাবি তার।
তিনি বলেন, “আমরা চাই, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে পুলিশ তাদের সক্ষমতা ও নিরপেক্ষতার প্রমাণ দিক।”
নাহিদ ইসলাম জানান, বিস্ফোরণে আহতদের খোঁজ নিতে তারা হাসপাতালে যাবেন। একই সঙ্গে তিনি বলেন, এ ঘটনার কারণে দলের কর্মসূচি বন্ধ হবে না এবং জুলাই পদযাত্রা পূর্বঘোষিত সূচি অনুযায়ী চলবে।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন জানান, বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। আহতরা হলেন মো. শাহীন খন্দকার (৩০), মো. জসিম (২৬), মো. শাহাদাত হোসেন (৪০) ও ইমরান হোসেন। তাদের মধ্যে তিনজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসান জানান, আহতদের মধ্যে একজনের পায়ে গুরুতর আঘাত রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
দলটির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের বক্তব্য চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় মঞ্চে নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকলেও তারা কেউ আহত হননি।
ঘটনার প্রতিবাদে পরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির নেতাকর্মীরা সাভারে বিক্ষোভ মিছিল করেন। দলটি জানিয়েছে, জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি নির্ধারিত সূচি অনুযায়ী অব্যাহত থাকবে।



