ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬
আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, ভারতের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং তা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে (ভারত সফরের আমন্ত্রণপত্র)। আমরা সেটা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি।”
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও, প্রধানমন্ত্রীকে বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই আমন্ত্রণ বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ব্রিকসভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা জোরদারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে। তবে প্রধানমন্ত্রীর সফরসূচি ও সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।