রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬
রাষ্ট্রপতি চাইলে সংবিধান অনুযায়ী পদত্যাগ করতে পারেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যে আলোচনা চলছে, সে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য বা পদক্ষেপ নেই বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, “রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন। স্বাস্থ্যগত অথবা যেকোনো কারণে সেটা করার অপশন আছে। তবে আমরা সেটা জানি না।”
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গুঞ্জন তো গুঞ্জনই। ঘটনা যদি হয়, তাহলে আমরা দেখব।”
এ সময় সাংবাদিকরা বিষয়টি শুধু গুঞ্জন নয়, গণমাধ্যমেও এসেছে বলে উল্লেখ করলে তিনি বলেন, “তাহলে আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করতে পারেন।”
সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই। আর সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হচ্ছে না। আপনারা পত্রিকায় দেখেছেন এবং গুঞ্জন শুনছেন, সেটা আমিও শুনেছি।”
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির দপ্তর বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।



