রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে দেশে ফিরছেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

চিকিৎসার জন্য থাইল্যান্ড সফররত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনার মধ্যেই সফর সংক্ষিপ্ত করে তিনি শুক্রবার (২৪ জুলাই) ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়ের একটি সূত্র।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে স্পিকারের।

গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক সফরে যান স্পিকার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তাঁর ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল। তবে সরকারের উচ্চপর্যায়ের অনুরোধে সফর সংক্ষিপ্ত করে তিনি নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরছেন বলে সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে দ্রুত দেশে ফেরার অনুরোধ পাওয়ায় স্পিকার সফর সংক্ষিপ্ত করেছেন। তবে দ্রুত ফেরার নির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, গতকাল থেকে এ ধরনের আলোচনা শোনা যাচ্ছে। এ কারণেই হয়তো স্পিকার আগেভাগে দেশে ফিরছেন। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। এছাড়া ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

এদিকে সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

উল্লেখ্য, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির দপ্তর বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তাই এ বিষয়ে চলমান আলোচনা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।