সৌদির বেসামরিক পরমাণু কর্মসূচিতে শর্ত জুড়ে দিল যুক্তরাষ্ট্র

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

ক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর করতে সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, এই চুক্তির আওতায় সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়া হবে না।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক সহযোগিতা চুক্তি কেবল শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য। তবে এটি কার্যকর হওয়ার প্রধান শর্ত হলো সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে অন্তর্ভুক্ত হতে হবে।

তিনি বলেন, “ইরান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও আরও কয়েকটি দেশের মতো সৌদি আরবও এ ধরনের সুবিধা পেতে পারে। তবে এই চুক্তির আওতায় পারমাণবিক উপাদান সমৃদ্ধকরণের সুযোগ থাকবে না।”

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নতুন করে গুরুত্ব পেয়েছে।

আব্রাহাম চুক্তি ২০২০ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কোসহ কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সৌদি আরবকেও এ চুক্তিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে।

তবে এখন পর্যন্ত সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। ফলে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি কবে কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।