শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপির

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের প্রতিবাদে আগামী শুক্রবার (২৪ জুলাই) ভারতজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় দলটি তাদের সমর্থক, ছাত্রসংসদ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিজ নিজ শহরে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানায়।

সিজেপি বিক্ষোভের আয়োজকদের উদ্দেশে জানায়, সমাবেশে শিক্ষার্থীদের দাবিগুলো জনসমক্ষে পাঠ করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় অনুমতি গ্রহণ এবং কর্মসূচি সফল করতে ছাত্রসংগঠন ও অন্যান্য সংগঠনের মধ্যে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেছেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার চারবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আলোচনার দরজা সব সময় খোলা রয়েছে। আন্দোলনকারীরা চাইলে জে. পি. নাড্ডার বাসভবন বা কার্যালয়ে এসে আলোচনায় অংশ নিতে পারেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দিল্লিতে সিজেপির ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ এবং বিভিন্ন রাজ্যে বিক্ষোভকারীদের ওপর পুলিশের অভিযানের প্রতিবাদে এ দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। তবে দিল্লি পুলিশের দাবি, মিছিল চলাকালে কিছু বিক্ষোভকারী সহিংস আচরণ করেন, পুলিশ সদস্যদের ওপর হামলা চালান এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করেন।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিজেপি স্থানীয় আয়োজকদের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রচারসামগ্রী এবং স্মারকলিপির খসড়াও সরবরাহ করেছে। নির্দেশনা অনুযায়ী, বিক্ষোভকারীরা নির্ধারিত স্থানে সমাবেশ করবেন, শিক্ষার্থীদের দাবিগুলো জনসমক্ষে তুলে ধরবেন, আন্দোলনে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করবেন এবং জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেবেন।

উল্লেখ্য, গত ২০ জুন প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জবাবদিহি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। পরে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সমাজকর্মী সোনম ওয়াংচুক আমরণ অনশন শুরু করলে কর্মসূচি আরও বিস্তৃত হয়।