ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পিকার নিজেই এ তথ্য জানান।

তিনি বলেন, রাষ্ট্রপতি তাঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সেটি গ্রহণ করা হয়েছে। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

হাফিজ উদ্দিন আহমদ আরও জানান, স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার সময়ই তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় শপথ নিয়েছিলেন। তাই নতুন করে শপথ গ্রহণের প্রয়োজন হয়নি। একইভাবে ডেপুটি স্পিকারও স্পিকারের দায়িত্ব পালনের জন্য আগেই শপথ নিয়ে থাকেন।

সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদার এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, স্পিকারের কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। পাশাপাশি Autonomic Neuropathy রোগে আক্রান্ত হওয়ায় মাঝে মাঝে সাময়িকভাবে অচেতন হয়ে পড়েন। এসব কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না বলে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ততদিন পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।