জোহরান মামদানি: গাজার পক্ষে অবস্থানের জেরে বাড়ছে হুমকি
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬
গাজায় ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে আমেরিকার নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং তাঁর স্ত্রী রামা দুয়াজি প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন মামদানি।
মার্কিন সাময়িকী রোলিং স্টোন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রাণনাশের হুমকির জন্য আগে থেকে প্রস্তুত থাকা কঠিন। তবে সবার অধিকারের পক্ষে কথা বললে এমন পরিণতির মুখোমুখি হওয়ার বিষয়টিও মেনে নিতে হয়।
মামদানি জানান, নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য থাকাকালেও তিনি একই ধরনের হুমকি পেয়েছিলেন। সে সময় তিনি ইসরায়েলের প্রতি আমেরিকার সামরিক সহায়তার সমালোচনা করেন এবং গাজায় ফিলিস্তিনি বেসামরিক মানুষের হত্যাকাণ্ডের বিরোধিতা করেন।
তিনি বলেন, মেয়র নির্বাচিত হওয়ার আগেই এসব হুমকি শুরু হয়েছিল এবং দায়িত্ব গ্রহণের পরও তা অব্যাহত রয়েছে। গাজা যুদ্ধ নিয়ে অবস্থান প্রকাশ করায় তাঁর স্ত্রী রামা দুয়াজিও সমালোচনা ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন।
এদিকে দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া আরেক সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নেদারল্যান্ডসের হেগে বিচারিক প্রক্রিয়া চলা উচিত। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রসঙ্গও উল্লেখ করেন।
তবে পরে তিনি স্পষ্ট করেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনগত ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই। তাঁর মতে, এ ধরনের পদক্ষেপ নেওয়ার এখতিয়ার আমেরিকার ফেডারেল সরকারের।



