ইরানের অর্থ নিয়ে ট্রাম্পের ঘোষণা, তীব্র প্রতিবাদ তেহরানের
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬
হরমুজ প্রণালিতে জাহাজ ও পণ্যবাহী কার্গোর সম্ভাব্য ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে আমেরিকার নিয়ন্ত্রণে থাকা ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ বক্তব্যকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জুলাইয়ের শুরু থেকে ইরান ও আমেরিকার মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। একদিকে আমেরিকার বিমান হামলা, অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ইরানের পাল্টা হামলায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
বৃহস্পতিবার রাতে টানা ১৩তম দিনের মতো ইরানে হামলা চালানোর পর ট্রাম্প বলেন, প্রয়োজনে এর চেয়েও বড় সামরিক অভিযান বিবেচনা করা হচ্ছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ বা কার্গোর যে ক্ষয়ক্ষতি হবে, তার ক্ষতিপূরণ আমেরিকার নিয়ন্ত্রণে থাকা ইরানের জব্দকৃত অর্থ থেকে দেওয়া হবে।
তিনি আরও বলেন, ক্ষতির পরিমাণ বড় হতে পারে, তবে এটিই ন্যায্য ও ভারসাম্যপূর্ণ ব্যবস্থা।
এ বক্তব্যের জবাবে শুক্রবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, অন্য দেশের সম্পদ বাজেয়াপ্ত করে ভবিষ্যতের অসংশ্লিষ্ট দাবির ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা একটি বিপজ্জনক ও উসকানিমূলক নজির।
তিনি সতর্ক করে বলেন, যদি রাষ্ট্রগুলো একে স্বাভাবিক প্রক্রিয়ায় পরিণত করে, তাহলে ভবিষ্যতে কোনো দেশের সম্পদই নিরাপদ থাকবে না এবং এতে আন্তর্জাতিক অঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, জব্দকৃত ইরানি সম্পদের বিষয়টি সম্প্রতি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার অন্যতম ইস্যু ছিল। তবে পরবর্তীতে সেই সমঝোতা ভেঙে যায়।
উল্লেখ্য, ১৯৭৯ সালে তেহরানে মার্কিন দূতাবাস জিম্মি সংকটের পর প্রথমবারের মতো আমেরিকা ইরানের সম্পদ জব্দ করে। বিভিন্ন আন্তর্জাতিক হিসাব অনুযায়ী, বর্তমানে বিদেশে ইরানের প্রায় ১০০ বিলিয়ন ডলারের সম্পদ আটকে রয়েছে।



