বাংলাদেশকে সেমিকন্ডাক্টর হাবে গড়তে কাজ শুরু: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে বিবেচনা করছে। এ খাতের বিকাশে কর-সুবিধা, প্রণোদনা এবং নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশে ইতোমধ্যে সেমিকন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স এবং অ্যাডভান্সড প্যাকেজিং খাতে কাজ শুরু হয়েছে। দেশের কয়েকটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছে।
প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন কোনো একক মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়; এটি একটি সম্মিলিত জাতীয় উদ্যোগ। এ খাতকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
তিনি জানান, চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামালের ওপর সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সেবার রপ্তানি আয়ের ওপর নগদ প্রণোদনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন উদ্যোক্তা ও উদ্ভাবনকে উৎসাহ দিতে প্রথমবারের মতো বছরে ৫০০ কোটি টাকার স্টার্টআপ অনুদানও রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য বিনিয়োগবান্ধব নীতি, কর-সুবিধা, বন্ড সুবিধা এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
সামিটের পাশাপাশি ‘বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬’-ও অনুষ্ঠিত হচ্ছে। এতে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্বাস্থ্যপ্রযুক্তি এবং অন্যান্য ডিপ-টেক খাতের উদ্ভাবন ৩৫টি স্টলে প্রদর্শন করা হচ্ছে।



