আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৬

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে চলমান আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠানোর কথা নিজেই জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এদিন তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি।”

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের শাস্তি এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত এক মাসের বেশি সময় ধরে দেশজুড়ে আন্দোলন চলছিল। দিল্লির যন্তর-মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

কেন্দ্রীয় সরকার ও ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর মধ্যে তৃতীয় দফা বৈঠকের কয়েক ঘণ্টা আগে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান।

আন্দোলনকারীদের তিনটি প্রধান দাবি ছিল—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ।

শুক্রবার সরকার দ্বিতীয় ও তৃতীয় দাবির বিষয়ে আশ্বাস দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে শনিবার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পর আন্দোলনকারীদের সব প্রধান দাবি পূরণ হয়েছে বলে মনে করা হচ্ছে।

পদত্যাগের ঘোষণা দিয়ে এক্সে দেওয়া পোস্টে ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষা ও ন্যায্য প্রত্যাশার প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। পাশাপাশি দেশের সেবা করার সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই দিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন। ককরোচ জনতা পার্টিও এক্সে পোস্ট করে লিখেছে, “শিক্ষার্থীদের শক্তির জয় হোক।”

উল্লেখ্য, গত ২০ জুন দিল্লির যন্তর-মন্তরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। পরবর্তী সময়ে এই আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং ভারতের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়।