ভারতে প্রশ্নফাঁসের মাস্টারমাইন্ড গ্রেপ্তার!
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৬
ভারতের বিভিন্ন সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত একটি বড় চক্রের অন্যতম মূলহোতা বিজেন্দ্র গুপ্তকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ। শনিবার (২৫ জুলাই) বিহারে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। তার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগী ইন্দ্রজিৎ সিং ওরফে পিকুকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা বিজেন্দ্র গুপ্তকে ধরতে আন্তঃরাজ্য অভিযান পরিচালনা করা হচ্ছিল। একাধিকবার অবস্থান পরিবর্তন করে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিলেও শেষ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা সম্ভব হয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, মহারাষ্ট্রের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিজেন্দ্র গুপ্ত ছিলেন অন্যতম প্রধান পরিকল্পনাকারী। গত ২৮ জুন অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ওই পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল করা হয়।
এর আগে একই মামলায় বিজেন্দ্রর স্ত্রীসহ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া আগ্রার একটি প্রিন্টিং প্রেসের তিন কর্মীকেও আটক করে পুলিশ। তদন্তে উঠে এসেছে, ছাপাখানা থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়ে বিভিন্ন মাধ্যমে বিজেন্দ্রর কাছে পৌঁছাত এবং পরে তার পরিচালিত চক্রের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হতো।
পুলিশের সন্দেহ, শুধু মহারাষ্ট্র নয়, ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গেও বিজেন্দ্র গুপ্ত ও তার সিন্ডিকেট জড়িত থাকতে পারে।
গ্রেপ্তারের পর বিজেন্দ্রকে জিজ্ঞাসাবাদের জন্য মহারাষ্ট্রে নেওয়া হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন, তার কাছ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় প্রশ্নফাঁস চক্রের নেটওয়ার্ক, সহযোগী এবং অর্থ লেনদেন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে দেশজুড়ে আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইতোমধ্যে পদত্যাগ করেছেন। তদন্তে নতুন এই গ্রেপ্তার প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে অভিযানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে মহারাষ্ট্র পুলিশ।



