শিক্ষামন্ত্রীর পদত্যাগ: তরুণদের অভিনন্দন জানিয়ে যা বললেন কেজরিওয়াল

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৬

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশটির তরুণদের অভিনন্দন জানিয়েছেন আম আদমি পার্টির (আপ) প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল। তিনি এ ঘটনাকে গণতন্ত্রের বড় বিজয় হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় কেজরিওয়াল বলেন, “আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমাদের দেশের জেন-জিদেরও অভিনন্দন। এটি অত্যন্ত আনন্দের বিষয়। আপনাদের সংগ্রাম সফল হয়েছে। শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে।”

তিনি বলেন, দীর্ঘদিন ধরে মানুষের মনে ধারণা তৈরি হচ্ছিল যে সরকার জনগণের কথা শুনছে না। কিন্তু এই আন্দোলনের মাধ্যমে প্রমাণ হয়েছে, গণতন্ত্রে জনগণের দাবির শক্তি রয়েছে।

কেজরিওয়ালের ভাষায়, “এত বড় আন্দোলনের পর শেষ পর্যন্ত সরকারের অহংকার নত হয়েছে। জনগণের সামনে সরকারকে মাথা নত করতে হয়েছে। এটি গণতন্ত্রের বড় বিজয়।”

সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দেওয়াই গণতন্ত্রের মূল চেতনা। “গণতন্ত্র জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্য”—এই নীতির প্রতিফলন সরকারকে বাস্তবে দেখাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুতে তিনি আশা প্রকাশ করেন, সরকার পুরো পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনবে, যাতে ভবিষ্যতে আর কোনো প্রশ্নফাঁস না হয় এবং কোনো শিক্ষার্থীকে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে না হয়।

এর আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে কেন্দ্রীয় সরকারের তৃতীয় দফার বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের মুখেই তার এই পদত্যাগ আসে।