সৌদিজুড়ে অভিযান, গ্রেপ্তার প্রায় ১৫ হাজার অভিবাসী
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬
আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে বহিষ্কার করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সময়ে প্রায় ১৫ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে মোট ১৪ হাজার ৯৭০ জনকে আটক করা হয়। এর মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তির সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এছাড়া শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগেও বহু ব্যক্তিকে আটক করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ৩০ হাজার ৫০০ জনের বেশি ব্যক্তি বিভিন্ন আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৭৪৭ জনকে নিজ নিজ দেশের ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দূতাবাস বা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এছাড়া ৬ হাজার ১১৩ জনের নিজ দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে।
অভিযানের সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করা ১ হাজার ৬২৬ জনকেও আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার, ৩৭ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ৩৩ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া, পরিবহন, চাকরির ব্যবস্থা করা বা গোপন রাখার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অভিবাসনে সহযোগিতা করা গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং শ্রমবাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে দেশজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



