চাকরি নয়, উদ্যোক্তা হতে তরুণদের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬
সরকারি চাকরির ওপর নির্ভরশীলতা কমিয়ে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কৃষি খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা তৈরি করতে পারলে কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি—দুই ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে।
রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষি বিষয়ে পড়াশোনা করা মানেই সরকারি চাকরি খোঁজা—এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আধুনিক কৃষি, কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্রযুক্তিনির্ভর কৃষি এবং অ্যাগ্রো বিজনেসে নতুন নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে তরুণরা নিজেরাই কর্মসংস্থান তৈরি করতে পারেন।
তিনি আরও বলেন, শিক্ষিত তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। তাই বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। এতে শুধু নিজের কর্মসংস্থানই হবে না, অন্যদের জন্যও নতুন চাকরির সুযোগ সৃষ্টি হবে।
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় আরও বিনিয়োগ এবং মাঠপর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি শিক্ষার্থীদের শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, দেশের কৃষি উৎপাদন ও গবেষণায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, নবীন শিক্ষার্থীদের হাত ধরেই ভবিষ্যতে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।



