দেশের স্বার্থে ট্রাম্পের বিরোধিতা করতেও প্রস্তুত: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬

জাতীয় স্বার্থের প্রশ্নে প্রয়োজনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করতেও দ্বিধা করবেন না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তিনি বলেছেন, দেশের স্বার্থই তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্নহ্যাম বলেন, ট্রাম্পের সঙ্গে তার প্রথম বৈঠক ইতিবাচক ছিল এবং তিনি তাকে আন্তরিক বলে মনে করেছেন। তবে প্রয়োজন হলে নীতিগত বিষয়ে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরবেন।

ট্রাম্পকে বিশ্বাস করেন কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বার্নহ্যাম বলেন, আন্তর্জাতিক রাজনীতি সবসময় পরিবর্তনশীল। তাই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয় এবং দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় অবস্থান গ্রহণ করতে হয়।

তিনি বলেন, যুক্তরাজ্যের জন্য যা সঠিক, সেটিই তিনি অনুসরণ করবেন। ভিন্নমত প্রকাশ করতে হলে তাও করবেন। কারণ, একজন প্রধানমন্ত্রীর প্রথম দায়িত্ব নিজের দেশের স্বার্থ রক্ষা করা।

ট্রাম্পের সমালোচনা করাও প্রয়োজন হলে করবেন কি না—এমন প্রশ্নের জবাবে বার্নহ্যাম বলেন, অবশ্যই। দেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয়ে তিনি নিজের অবস্থান তুলে ধরতে পিছপা হবেন না।

সাক্ষাৎকারে প্রতিরক্ষা ব্যয় নিয়েও কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি জানান, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হবে। তবে জিডিপির ৩ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ে বরাদ্দ দেওয়ার বিষয়ে এখনই নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি।